স্পেনের বামপন্থি সরকার মধ্যবিত্ত ও গরিবদের ওপর থেকে বোঝা কমানোর জন্য ধনীদের ওপর কর বসানোর পরিকল্পনা নিয়েছে। দেশের ১ শতাংশ অতি ধনীরা আসবেন এই করের আওতায়। দেশটির অর্থমন্ত্রী মারিয়া জেসাস মন্টেরো বলেছেন, ‘আমরা মিলিয়নিয়ারদের কথা বলছি। তারাই দেশের ১ শতাংশ মানুষ, যাদের হাতে প্রচুর অর্থ আছে।’ অর্থমন্ত্রী মারিয়া জেসাস বলেন, এ করবাবদ যে অর্থ পাওয়া যাবে তা দিয়ে শ্রমিক ও মধ্যবিত্তদের সাহায্য করা হবে। তবে কী হারে কর বসানো হবে, তা থেকে কত অর্থ পাওয়া যাবে, তার কোনো বিবরণ তিনি দেননি। ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও জিনিসের দাম অনেকটাই বেড়েছে। সরকার যানবাহনে চড়ার জন্য ভর্তুকি দিচ্ছে। শিক্ষার্থীদের স্টাইপেন্ড দিচ্ছে। এভাবে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু স্পেনে মুদ্রাস্ফীতির হার ১০ দশমিক ৪ শতাংশ হয়ে গেছে। গত জুন মাস থেকে মুদ্রাস্ফীতির হার ১০ শতাংশ বা তার বেশি আছে।
×
