স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কনস্টেবলকে কুপিয়ে জখম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:০০ পিএম

ভোলায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পুলিশের কনস্টেবলকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভোলার নতুন বাজার এলাকায় জেলা পরিষদ পুকুর পাড়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে আসলে এ ঘটনা ঘটে।

আহত এনামুল ব্যাপারী (৩২) ভোলা পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া এলাকায়। এ ঘটনায় আজ শনিবার দুপুর পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সন্ধ্যায় এনামুল তার স্ত্রীসহ ঘুরতে আসলে ৫/৬ জন বখাটে তার স্ত্রীকে উত্ত্যক্ত করে। এ সময় প্রতিবাদ করলে বখাটেরা তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। কনস্টেবল এনামুলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার জানান, আহত কনস্টেবল পুলিশ লাইনে ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যার দিকে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন।

শহরের জেলা পরিষদ পুকুর পাড়ে আসলে একদল বখাটে তার স্ত্রীকে ইভটিজিং করে। এতে পুলিশ কনস্টেবল প্রতিবাদ করলে বখাটেরা দলবদ্ধ হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

‘এ ঘটনায় এখন পর্যন্ত আমরা ৫ বখাটেকে আটক করেছি। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত