ডিজিটাল নিরাপত্তা আইনে বেরোবি শিক্ষার্থী গ্রেপ্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪১ পিএম

ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী সুজন চন্দ্র পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের চামতকার চন্দ্র পালের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্সের শিক্ষার্থী।

ধর্ম অবমাননার অভিযোগে গত শনিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানায় সুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. কামরুজ্জামান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, 'শুক্রবার রাতে সুজন তার ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দিলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে খুঁজতে শুরু করে। তাকে গ্রেপ্তারের পর ক্যাম্পাসে উত্তেজনা প্রশমিত হয়েছে। আসামিকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।' 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত