বাঁকবদল দেখে সিনেমায় কাজের আগ্রহ বেড়েছে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:১০ এএম

ছোটপর্দার পরিচিত মুখ তাসনুভা তিশা। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত নাটক ‘মা বাবা ভাই বোন’। এ নাটক ও সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি

মা বাবা ভাই বোন...

সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো যেকোনো বড় মাপের কথাসাহিত্যিকের গল্প-উপন্যাসের চরিত্রে অভিনয় অন্যরকম আনন্দের। ‘মা বাবা ভাই বোন’ নাটকে অভিনয়ে রাজি হয়েছি শুধু এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস থেকে নির্মাণ করা বলে। ‘মা বাবা ভাই বোন’ পারিবারিক গল্পের নাটক। শুরু থেকেই দেখে আসছি, পরিবারকেন্দ্রিক গল্পে প্রায় সব চরিত্রই গুরুত্ব পায়। সুনীল গঙ্গোপাধ্যায় সেই ঔপন্যাসিকদের একজন, যিনি মানুষের ভেতর-বাইরের চেহারাকে স্পষ্ট করে তুলে ধরতে পারেন। তাই এ নাটকে অভিনয় নিয়ে দ্বিতীয়বার ভাবিনি।

চরিত্রের নাম জাপানি...

‘মা বাবা ভাই বোন’ নাটকে আমার চরিত্রের নাম জাপানি। শুরুতে নামটা একটু অদ্ভুত লেগেছে। কারণ, অভিনয়ের আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসটা পড়া হয়নি। পরে যখন কাহিনি পড়েছি, তখন বিষয়টা স্বাভাবিক মনে হয়েছে। কাহিনিতে দেখানো হয়েছে আমাকে সবাই বোঁচা নাকের জন্য জাপানি বলে ডাকে। এই নাম এসেছে স্কুলের বন্ধুদের কাছ থেকে। তারা সব সময় আমাকে জাপানি বলে খ্যাপাত। সেই থেকে এ নামেই অন্যরা ডাকা শুরু করে দিয়েছে। বাস্তবেও কিন্তু আমরা এমন ঘটনা দেখতে পাই। তাই দর্শকের কাছে এ নাটকের চরিত্র ও অদ্ভুত নামের বিষয়টি অবাস্তব মনে হয়নি।

ধারাবাহিকে অনীহা...

অনেক দিন ধরে একক নাটক, টেলিছবি ও ওয়েব সিরিজকে প্রাধান্য দিয়েছি। তবে  ধারাবাহিক নাটকে কাজের ইচ্ছা যদি একেবারেই না থাকত, তাহলে তো ধারাবাহিক নাটকে দেখতে পেতেন না। একক নাটক, ওয়েব সিরিজ আর ধারাবাহিকে একসঙ্গে কাজ করা কঠিন। তা ছাড়া ধারাবাহিক নাটকের জন্য যেমন টানা শিডিউল দিতে হয়, তেমনি একটা নির্দিষ্ট চরিত্রের মধ্যে নিজেকে আটকে রাখতে হয়। তখন একক নাটক বা ওয়েব সিরিজে ভিন্ন চরিত্রে নিজেকে মানিয়ে নিতে বাড়তি কষ্ট করতে হয়। এ জন্য এখন ধারাবাহিক নাটকে কাজ কম করছি।

বড়পর্দায়...

অদূর ভবিষ্যতে সিনেমায় দেখতে পাবেন। আমাদের সিনেমায় যে বাঁকবদল চোখে পড়ছে, তা দেখে বড়পর্দায় কাজে আগ্রহ বেড়ে গেছে। আমি যেহেতু নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, তাই নায়িকা নয়, ভালো গল্প হলে যেকোনো চরিত্রে অভিনয়ে রাজি আছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত