হৃত্বিককে পর্দায় দেখার অপেক্ষায় প্রেমিকা সাবা, দিন যেন ফুরায় না

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৮ পিএম

মুখোমুখি প্রায়ই দেখা হয়, কিন্তু হৃত্বিক রোশনের প্রেমিকা সাবা আজাদ শুধু সেটুকুতে সন্তুষ্ট নন। প্রেমিককে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। অপেক্ষা যেন শেষই হতে চাইছে না।

আগামী শুক্রবারই মুক্তি পাওয়ার কথা হৃত্বিকের নতুন ছবি 'বিক্রম বেদা'র। ছবিতে হৃত্বিকের চরিত্রের কালো পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরা রক্ত মাখা ছবি এর মধ্যেই হইচই ফেলেছে গ্রিক গডের ভক্তদের মধ্যে। তারাও প্রবল উৎসাহে অপেক্ষা করছেন আগামী শুক্রবার ছবির মুক্তির জন্য। সাবা নিজেও যে সেই হৃত্বিকে মুগ্ধ ভক্তদের মতোই আগ্রহী, তা রাখ ঢাক না করেই বুঝিয়ে দিয়েছেন তিনি। 

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে 'বিক্রম বেদা' টিজার প্রকাশ করে লিখেছেন, 'আর অপেক্ষা সইছে না।'

'বিক্রম বেদা'য় হৃত্বিক অভিনয় করেছেন 'ত্রাস ছড়ানো এক গ্যাংস্টার'-এর ভূমিকায়। তাকে গ্রেপ্তার করতে চান সৎ পুলিশ অফিসার বিক্রম। তারাই এই গল্পের মুখ্য চরিত্র। ছবিতে বিক্রমের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। সিনেমাটি আসলে একই নামের একটি তামিল ছবির হিন্দি রিমেক। মূল ছবিতে অভিনয় করেছিলেন আর মাধবন। তাকে এই ছবিতেও একটি চরিত্রে দেখা যাবে। এ ছাড়া রাধিকা আপ্তেও অভিনয় করেছেন এই ছবিতে। ছবিটির যৌথ পরিচালনা করেছেন গায়ত্রী এবং পুষ্কর। ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত