কবিরাজ বাড়ি খাল পরিদর্শন করলেন এলজিইডির প্রতিনিধি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:০১ পিএম

ঝালকাঠির রাজাপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত কবিরাজ বাড়ি খাল দখল-দূষণে মৃত অবস্থা থেকে খনন করে পূর্বের রূপে ফিরিয়ে আনতে সরেজমিন পরিদর্শন করেছেন এলজিইডির সারা দেশে পুকুর ও খাল উন্নয়ন শীর্ষক প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর এনায়েত কবির।

সোমবার দুপুরে রাজাপুর বাইপাস অংশে তিন কিলোমিটার এ খালের মাঝামাঝি বিএনপি কার্যালয় এলাকা ও টিঅ্যান্ডটি সড়কের জেলখানার বিপরীত দিকের দখল হওয়া খাল পরিদর্শন করেন তিনি।

রাজাপুর সদরের পানি প্রবাহিত হওয়ার একমাত্র এই কবিরাজ বাড়ি খাল দখলদারদের কাছ থেকে উদ্ধার ও খনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় সচেতন যুবকরা আন্দোলন করে আসছিলেন।

বেশ কয়েক বছর আগে থেকেই রাজাপুর বাজারের দক্ষিণ মাথা থেকে বাইপাস হয়ে আবু মুছা সোহাগের বাড়ির পাশ দিয়ে পোদ্দার হাওলা হয়ে দক্ষিণ রাজাপুর হাজি বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল উদ্ধার ও খননের বিষয়ে তারা উপজেলা পরিষদ চত্বরে বেশ কয়েকবার মানববন্ধনও করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং ঝালকাঠি জেলা প্রশাসক মহোদয় বরাবর স্মারক লিপি প্রদান করে খাল উদ্ধার কমিটির স্থানীয় সচেতন মহল।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার কবিরাজ বাড়ি খাল সরেজমিন পরিদর্শন করেন এলজিইডির সারা দেশে পুকুর খাল উন্নয়ন শীর্ষক প্রকল্পের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। 

সরেজমিন পরিদর্শন শেষে বিস্ময় প্রকাশ করে এনায়েত কবির বলেন, খালের বর্তমান যে অবস্থা তাতে আগামী দু-এক বছরে এ খালের কোনো অস্তিত্ব থাকবে না। তাই আমরা খুব শিগগিরই এ খাল খননের বিষয়ে পদক্ষেপ নেব।

এসএ নকশা অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারের সহযোগিতা চেয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির সুপারভিশন অ্যান্ড মনিটরিং কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী রোমান ভূঁইয়া, রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিত মজুমদার, প্রজেক্টের উপসহকারী প্রকৌশলী শোভন হালদারসহ খাল উদ্ধার কমিটির সদস্য সাংবাদিক মঈনুল হক লিপু, দুলাল তেওয়ারী ও রাজীব ফরাজী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত