আগামী ২৮ অক্টোবর মাঠে গড়াবে ছয় দলের হকি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ। বিশাল এই আসরের প্রস্তুতি চলছে পুরোদমে। গতকাল ছয় দলের কোচ চূড়ান্ত করতে হয়েছে ড্রাফট। টুর্নামেন্টের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রূপায়ণ গ্রুপ কোচ হিসেবে পেয়েছে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধান কোচ কিম ইয়ং কিউকে। তার সহকারী হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মশিউর রহমান বিপ্লব।
খেলোয়াড়ি জীবনে কিম ইয়ং কিউ দক্ষিণ কোরিয়ার হয়ে ১৪ ম্যাচ খেলে গোল করেছিলেন ৮টি। ১৯৯৮ সালে খেলা ছাড়ার পর থেকে তিনি কোচিং পেশায় যুক্ত হন। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বহুবার কোরিয়ান জাতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করেন। রূপায়ণ গ্রুপ এই কোচের হাত ধরেই হকির নতুন যুগে পা রাখতে যাচ্ছে।
গতকাল হকি ফেডারেশন ও ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় কোচদের ড্রাফট চূড়ান্ত হয়। অন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজিও কাল কোচ চূড়ান্ত করে। একমির কোচ হয়েছেন ওয়াসিম হামিদ, মেট্রো এক্সপ্রেসের সেংতায়ে সং, মোনার্ক মার্টের সেইং জিন ইউ, সাইফ পাওয়ারটেকের ধর্মরাজ আবদুল্লাহ এবং ওয়ালটন দলের শফিউল আজলি কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন। টুর্নামেন্ট শুরুর ৮ থেকে ১০ দিন আগে বিদেশি কোচরা নিজ নিজ দলের দায়িত্ব নেবেন।
কোচের ড্রাফটে রূপায়ণ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল গাফফার।
