বিশ্বকাপ জিতলে জার্মান ফুটবলাররা পাবেন আর্থিক পুরস্কার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৮ পিএম

জাপান বিশ্বকাপের ফাইনাল। তারপর টানা দুই আসরে সেমিফাইনাল। অবশেষে ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় জার্মানি। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বসেরা হওয়ারা রাশিয়াতে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। দলটির সাম্প্রতিক ফর্মও খুব একটা পক্ষে নেই। তাই ভক্তরা এবারও খুব একটা আশাবাদী নন। তবে কাতার বিশ্বকাপে ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করে তুলতে টুর্নামেন্ট শুরুর আগেই আকর্ষণীয় বোনাস ঘোষণা করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ জয় করতে পারলেই কেবল এই বোনাস তথা আর্থিক পুরস্কার দেওয়া হবে জার্মানির ফুটবলারদের। গত রবিবারই জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশনের এক বৈঠকে আর্থিক পুরস্কার দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের পর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বার্নড নেউয়েনড্রফ বলেন, ‘দারুণ এবং সৌহার্দ্যপূর্ণ এক পরিবেশে আমাদের মধ্যে গঠনমূলক কিছু আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত আমরা সবার জন্য একটা সমাধান বের করতে সক্ষম হয়েছি।’

বিশ্বকাপ জিততে পারলে জার্মানির প্রতিটি ফুটবলার পাবেন নগদ ৪ লাখ ইউরো (প্রায় ৩ কোটি ৮৯ লাখ টাকা) করে। ২০১৮ বিশ্বকাপে এই আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছিল ফুটবলার প্রতি ৩ লাখ ৫০ হাজার ইউরো তথা প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা করে। এই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। সেবার দেশটির ফুটবলারদের জন্য পুরস্কার ঘোষণা হয়েছিল জনপ্রতি ৩ লাখ ইউরো, প্রায় ২ কোটি ৯২ লাখ টাকা করে।

তবে শুধুমাত্র বিশ্বকাপ জিতলেই যে আর্থিক পুরস্কার পাবে, আর অন্য কোনো ফলাফলের জন্য পাবে না তা নয়। যদি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে জার্মানি, তাহলে ফুটবলাররা পাবে ৫০ হাজার ইউরো করে (৪৯ লাখ টাকা প্রায়), যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারে, তাহলে পাবে ১ লাখ ইউরো করে (৯৭ লাখ ২০ হাজার টাকা), যদি সেমিফাইনালে উঠতে পারে, তাহলে পাবে দেড় লাখ ইউরো (প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা) করে।

তৃতীয় স্থান অর্জন করলে জার্মানির প্রতি খেলোয়াড় পাবে ২ লাখ ডলার করে (১ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকা প্রায়)। ফাইনালে উঠে জিততে না পারলে তথা রানারআপ হলে প্রতি খেলোয়াড় পাবেন আড়াই লাখ ইউরো (প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা) করে।

এবারও কঠিন গ্রুপে পড়েছে বলা যায় জার্মানি। ‘ই’ গ্রুপে তাদেরকে লড়তে হবে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, এশিয়ান চ্যাম্পিয়ন জাপান এবং মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার বিপক্ষে। ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। জার্মানি তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২৩ নভেম্বর, জাপানের বিপক্ষে। ২৭ নভেম্বর খেলবে দ্বিতীয় ম্যাচ, স্পেনের বিপক্ষে এবং ১ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কোস্টারিকার বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত