আজ থেকে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৪২ এএম

বাদপড়া জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন। রাজধানীসহ সারা দেশে ছয় দিনের এ টিকাদান কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজের টিকা দেওয়া হবে না। এ ক্যাম্পেইনে প্রথম ডোজ না পাওয়া ৩৩ লাখ ও দ্বিতীয় ডোজ না নেওয়া ৯০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সদস্য সচিব ডা. মো. শামসুল হক বলেন, ‘যারা এখন পর্যন্ত করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেননি, তাদের টিকার আওতায় আনতে বিশেষ এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কারণ আগামী ৩ অক্টোবরের পর আর প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে না।’

এ কর্মকর্তা জানান, সারা দেশে ১৫ হাজার কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা থাকছে। এখনো তিন কোটি টিকা রয়েছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় এবং বুস্টার ডোজ দেওয়া হবে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ বিশেষ টিকাদান কর্মসূচির ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত