শেখ হাসিনার জন্মদিনে টিকাদান ক্যাম্পেইন শুরু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৬ এএম

গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এরপর আর করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, দেশে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই অর্জিত হয়েছে। মোট জনগোষ্ঠীর ৯৭ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ, ৯০ শতাংশ দ্বিতীয় ডোজ এবং ৪১ শতাংশ তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছে। এই বিশেষ কর্মসূচি বিশেষ করে তাদের জন্য যারা এখনো টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেননি। যারা এখনো টিকার বাইরে রয়েছেন তাদের চলমান কর্মসূচির ভেতরে টিকা নিতে হবে। এর পর থেকে আর টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে না। তবে বুস্টার ডোজ চলবে।

প্রথম ও দ্বিতীয় ডোজ বন্ধের কারণ হিসেবে এই কর্মকর্তা বলেন, টিকার স্বল্পতা রয়েছে, সঙ্গে কিছু টিকার মেয়াদও শেষ হয়ে যাবে। তাই তখন শুধু বুস্টার ডোজ দেওয়া যাবে। বর্তমানে দেশে ৩ কোটি টিকা মজুদ রয়েছে।

সংবাদ সম্মেলনে কভিড টিকাদান সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. শামসুল হক বলেন, টিকা এখনো আমাদের পাইপলাইনে রয়েছে, কিন্তু হাতে থাকা টিকা শেষ না হওয়া পর্যন্ত সেগুলো আনা যাবে না।

করোনা টিকার চতুর্থ ডোজের ব্যাপারে মহাপরিচালক বলেন, এখনো কোনো পরিকল্পনা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো এ ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি। যেসব দেশে চতুর্থ ডোজ টিকা দেওয়া হচ্ছে তারা নিজ দেশের প্রটোকল মেনে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি নির্দেশ দেয় তাহলে তখন সেটা করা হবে।

এই কর্মকর্তা জানান, আগামী ১১ অক্টোবর থেকে দেশের জেলা এবং উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সের শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হবে।

দেশে সম্প্রতি করোনার ঊর্ধ্বগতি দেখা দিয়েছেÑ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। টিকা নেওয়ার কারণে বর্তমানে করোনায় মৃত্যুহার কম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) অধ্যাপক ডা. নাজমুল ইসলামসহ অন্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত