মাদক কারবারিদের সঙ্গে র‌্যাব-পুলিশের সংঘর্ষ, আহত ১২

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক উদ্ধার অভিযানকে কেন্দ্র করে মাদক কারবারিদের সঙ্গে র‌্যাব ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ ও পথচারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। চনপাড়া পুনর্বাসন এলাকায় গত মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ ঘটনায় বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, রাত ৯টার দিকে মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তার করতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করে চনপাড়া পুনর্বাসন এলাকায়। অভিযানে ওই এলাকার ইউপি সদস্য বজলুর রহমান বজলুর ভাই হাসান, খলিল সরদারের মেয়ে মুন্নি, মাহাবুবুর রহমানের ছেলে রাজু আহাম্মেদ রাজা ও একই এলাকার তপুসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। একপর্যায়ে রাজা ও সিটি শাহিন গ্রুপের সদস্যরা র‌্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে গ্রেপ্তারদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় র‌্যাব-পুলিশের সঙ্গে মাদক কারবারিদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। মাদক কারবারিরা র‌্যাব-পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলি করা শুরু করে। এতে পথচারীসহ অন্তত ১২ জন আহত হয়। তাদের মধ্যে সুমন নামে একজন গুলিবিব্ধ হয়েছে বলে দাবি করে তার ভাই শামীম। কোমরে গুলি লাগলেও সুমনের অবস্থা আশঙ্কামুক্ত। এ ছাড়া আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ মাদক উদ্ধার অভিযানে যাওয়া র‌্যাব ও পুলিশ সদস্যদের ওপর মাদক কারবারিদের হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত