মুন্সীগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার মামলায় জেলার ১৫৩ নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন। গতকাল বুধবার হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুরের আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
ব্যারিস্টার কায়সার দেশ রূপান্তরকে বলেন, ‘মুন্সীগঞ্জের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি এবং স্থানীয় শ্রমিক লীগ একটি মামলা করেছিল। পুলিশের মামলায় ১৫৩ জনের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী মাঈনুল বলেন, ‘জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।’
