মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞে উসকানিমূলক ও বিদ্বেষপূর্ণ বার্তা ছড়ানোয় ভূমিকা রাখায় ফেইসবুককে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই দাবি তোলা হয়।
ভুক্তভোগীদের সহযোগিতাকারী সংগঠন ও অধিকারকর্মীরা বলছেন, কোনো বিষয়ের অতি প্রচারে ফেইসবুকের প্রবণতায় উগ্রপন্থি বিষয়বস্তু, গুজব ও বিদ্বেষপূর্ণ বক্তব্য বেশি ছড়িয়েছে।
প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে, ফেইসবুক বিদ্বেষপূর্ণ এসব বক্তব্য মিয়ানমারে বিপুলসংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছিল। ২০২১ সালের অক্টোবরে প্রকাশিত ‘ফেইসবুক পেপারস’র উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের নির্বাহীরা জানতেন ফেইসবুক জাতিগত সংখ্যালঘু এবং অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষতিকারক বিষয়বস্তু ছড়িয়ে দিচ্ছে। অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনী যখন রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করছিল, তখন মেটা (ফেইসবুকের মূল প্রতিষ্ঠান) বিভিন্নভাবে লাভবান হচ্ছিল। প্রতিষ্ঠানটির উচিত নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ দেওয়া।’
