দিনভর দুই গ্রুপের উত্তেজনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ কর্মী সম্মেলন।
সম্মেলনে উত্তেজনাকে ঘিরে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতারা পড়েন বিপাকে। অবশেষে দুই পক্ষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির নেতারা। কর্মী সমাবেশে উত্তেজনার কারণে পুলিশ ও র্যাব প্রশাসন কঠোর অবস্থান নেয়।
জিন্দা এলাকার একটি মাঠ প্রাঙ্গণে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সায়েমসহ আরও অনেকে।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম শাহেদ জানান, কোনো হাঙ্গামা হতে দেওয়া হয়নি।
নেতাকর্মীরা জানান, সম্মেলনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কাও ছিল।
তারা আরও জানান, কর্মী সম্মেলন শুরু হওয়ার কথা বেলা ১১টার দিকে। কিন্তু দুই গ্রুপের নেতাকর্মীরাই সকাল ৯টা থেকে কর্মী সম্মেলনের আশপাশে অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও র্যাব এসময় সতর্ক ও কঠোর অবস্থান নেয়। তারা একটি পক্ষকে প্যান্ডেলের ভেতরে এবং অপর পক্ষকে মেরিনসিটি বালুর মাঠে অবস্থান নেওয়ার সুযোগ করে দেয়।
