উত্তর প্রদেশে পূজার মণ্ডপে আগুনে মৃত্যু ৫, আহত ৬৪

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১০:৫৪ এএম

ভারতের উত্তর প্রদেশে দুর্গাপূজার একটি মণ্ডপের প্যান্ডেলে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৪ জন। রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

 সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাত ৯টার দিকে আরতি চলছিল। প্যান্ডেলের ভেতরে এ সময় ১৫০ জন লোক ছিল। ওইসময়ই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাথির বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, একটি হ্যালোজেন লাইটের অতিরিক্ত তাপের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে।

‘প্যান্ডেলের ভেতর একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত গরম হয়ে পড়ে। এরপর একই সঙ্গে একাধিক পয়েন্টে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। প্যান্ডেলের ভেতর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে’ বলেন তিনি।

রাথি জানান, ‘৪৫ বছরের এক নারী ও ১২ বছরের এক ছেলে দুর্ঘটনার সময় মারা যান। এরপর আজ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।’

পুলিশ সুপার অনীল কুমার জানিয়েছেন, এই দুর্ঘটনায় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত