বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, দগ্ধ তিন

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১১:৫০ পিএম

রাজধানীর বাড্ডার এক শ ফিট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন শহিদুল ফকির (২৫) জুয়েল শিকদার (৩০)। দগ্ধ হয়েছে আরও তিনজন।

সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টায় দুজনকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক খুঁটি গাড়ার সময় দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। একই ঘটনায় শাকিল (৩২), ইলিয়াছ (৩১) ও রেজাউল (৩০) নামে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৃত জুয়েল পটুয়াখালী বাউফল উপজেলার যৌতা গ্রামের আলাউদ্দিন ফকিরের ছেলে। আর শহিদুল একই উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোতালেব শিকদারের ছেলে। বর্তমানে তারা যাত্রাবাড়ী মির হাজিরবাগ এলাকায় থাকতেন।

মৃত শহিদুলের আত্মীয় বাচ্চু শিকদার জানান, তারা দুজন শ্রমিকের কাজ করেন। বাড্ডা এক শ ফিট এলাকায় সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস করপোরেশনের মাধ্যমে কাজ করছিলেন। রাতে বিদ্যুতের খুঁটি মাটিতে পোতার সময় তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত