দেশে গত ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ৬৫৭ জন শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এর আগের দিন গত সোমবার শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৬৯৬ জন। সেদিন করেনায় দুজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় শনাক্ত হলো ২০ লাখ ২৭ হাজার ৫৬৫ এবং মারা গেছে ২৯ হাজার ৩৭২ জন। একইভাবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার কিছুটা বেড়ে ১৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। এর আগের দিন এ হার ছিল ১২ শতাংশ। তার আগের দিন ছিল ১৪ দশমিক ৩৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৫১৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময় দেশের ২৫ জেলায় রোগী পাওয়া যায়নি। যে একজনের মৃত্যু হয়েছে তিনি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। তিনি ছিলেন একজন নারী, বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
