টাঙ্গাইলের নাগরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অজিত ঘোষ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৫ অক্টোবর) সকালে উপজেলার নরদহী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অজিত ঘোষ উপজেলার ঘয়হাটা ইউনিয়নের সিংজোড়া এলাকার পাগলা ঘোষের ছেলে। আহতরা হলেন- আশিষ ঘোষ, রানী আক্তার ও রাসেল মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-৪৯৬৮) উপজেলার নরদহী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ৪ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক অজিত ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে আশিষ ঘোষকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি জব্দ করেছে বলেও তিনি জানান।
