সাতক্ষীরায় প্রাইভেটকারের চাপায় এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।
বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা মোড় এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় সাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩৭) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত সাইফুল স্থানীয় বকচরা গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি এস এম কাইউম জানান, সাতক্ষীরায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় একজন কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ দুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা মোড়ে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। তার নাম সুজন শেখ (৩৬)। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
প্রাইভেটকারটি সাতক্ষীরা বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের স্ত্রীকে বহন করে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয় এবং রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী বকচরা গ্রামের আবুল বাশার জানান, বুধবার বেলা ১১টার দিকে সাইকেল চালিয়ে বড় বাজারে যাওয়ার সময় বকচরা এলাকায় কাঠমিস্ত্রি সাইফুল ইসলাম এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো -গ-২৩-৭২১৯) সাইফুলকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চালক সুজন শেখকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক সুজন শেখ নীলডুমুর বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের প্রাইভেটকার চালান। বুধবার সকালে ঢাকা থেকে বিজিবির ওই কর্মকর্তার স্ত্রীকে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ১৭ বিজিবি ব্যাটালিয়নে পৌঁছে দেওয়ার জন্য বের হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স ম কাইয়ূম জানান, ঘাতক প্রাইভেটকারটি ও তার ড্রাইভারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সবকিছু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম জানান, অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি আমার স্ত্রীকে বহন করছিল। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে।
