জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার জাপান সাগরে অনুষ্ঠিত এ মহড়ায় অংশ নেয় উভয় দেশের একঝাঁক যুদ্ধবিমান। হাওয়াইভিত্তিক ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষার প্রতি ওয়াশিংটনের ইস্পাতকঠিন অঙ্গীকার অব্যাহত রয়েছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেন, পিয়ংইয়ংয়ের এ পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাল্টা হামলা চালানোর পথ খোলা রাখছে টোকিও। এদিকে পিয়ংইয়ংকে ভয় দেখাতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে আকাশেই বিধ্বস্ত হয়েছে ক্ষেপণাস্ত্রটি। এমনকি বিধ্বস্ত ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে আছড়ে পড়ার পর দক্ষিণ কোরিয়ার একটি শহরে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে করে সেখানে দেখা দেয় আতঙ্ক।
