বিজয়ের সঙ্গেই ছুটি কাটাচ্ছেন রাশমিকা

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৩:৫৭ এএম

বিজয় দেবারকোন্ডার সঙ্গে প্রেমের গুজব শুনতে কেমন লাগে? দিন কয়েক আগে এক শব্দে এই প্রশ্নের উত্তর দিয়ে ভারতের ‘জাতীয় ক্রাশ’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা বলেছিলেন, ‘মিষ্টি।’ তবে বিজয় বা রাশমিকা কেউই কখনোই তাদের মধ্যে প্রেমের কথা স্বীকার করেননি। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিজয় বা রাশমিকা দুজনই অতিপরিচিত উত্তর দিয়েছেন, ‘আমরা খুব ভালো বন্ধু’। দুই ভালো বন্ধু এবার একসঙ্গে উড়াল দিয়েছেন মালদ্বীপে। গতকাল সকালে মুম্বাইয়ের বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন তারা। শুরুতে বিজয় সোজা বিমানবন্দরে ঢুকে যান, এর কিছুক্ষণ পরই হাজির হন রাশমিকা। তিনি মাস্ক খুলে আলোকচিত্রীদের ছবির জন্য হাসিমুখে পোজ দিয়েছেন। দুজনের কেউই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাদের গন্তব্য মালদ্বীপ। কোনো ছবির শ্যুটিং নয়, স্রেফ ছুটি কাটাতেই যাচ্ছেন তারা।

২০১৮ সালে একসঙ্গে তেলেগু ছবি ‘গীতা গোবিন্দাম’-এ অভিনয় করেন বিজয় ও রাশমিকা। পরে করেন আরেকটি ছবিও ‘ডিয়ার কমরেড’। এর পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ডালপালা মেলতে থাকে। কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকাকে ‘ডার্লিং’ অভিহিত করে বিজয় বলেছিলেন, ‘আমরা একসঙ্গে দুটি ছবি করেছি, ও তো ডার্লিং। তাকে খুব পছন্দ করি। আমরা খুব ভালো বন্ধু, অনেক সিনেমা নিয়ে নানা ধরনের ভাবনাচিন্তা ভাগাভাগি করি।’

এদিকে গতকালই মুক্তি পেয়েছে রাশমিকার প্রথম বলিউড ছবি ‘গুডবাই’। বিকাস বেহেল পরিচালিত ছবিটিতে তার সঙ্গে আছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা প্রমুখ। অন্যদিকে কিছুদিন আগে মুক্তি পায় বিজয়ের প্রথম বলিউড ছবি ‘লাইগার’, যদিও তা ফ্লপ হয়েছে। তিনি নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, মালদ্বীপ থেকে ফিরেই আলাদা ছবির শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন বিজয় ও রাশমিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত