জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। যারা শেখ হাসিনা সরকারের বদলে রাজাকারদের দলকে ক্ষমতায় আনতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে রাজশাহী বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক তথ্যমন্ত্রী বলেন, ৫০ বছরের স্বাধীন বাংলাদেশ অনেক অগ্রগতি সাধন করলেও এখনও বেশ কয়েকটি ঝুঁকি ও বিপদের মধ্যে আছে। এখনো সাংবিধানিক ধারা বানচালের চক্রান্ত চলছে। রাজাকার-বিএনপি-জামায়াত চক্র অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত অব্যাহত রেখেছে। দেশ বিরোধী ওই চক্রটি এখনো মীমাংসিত বিষয়টি অমীমাংসিত করতে চায়।
তিনি বলেন, এছাড়াও বাজার সিন্ডিকেট কারসাজি, রাষ্ট্রীয় সম্পদ লুটেরা চাটার দলেরা দেশকে হুমকির দিকে ঠেলে দিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে।এদের রুখতে জাসদসহ ১৪ দলের প্রত্যককে শক্ত হাতে তাদের দমন করতে হবে।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) শিরীন আখতার। বগুড়া জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল করিম তানসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় নেতা আব্দুল হাই তালুকদার, শ্যামল কুমার রায়, শফি উদ্দিন মোল্লা, সাইফুজ্জামান বাদশা, আব্দুল্লাহিল কাইয়ুম, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা আনোয়ারুল হক, আব্দুল আলীম স্বপন। জেলা জাসদের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমদাদের সঞ্চালনায় প্রতিনিধি সভায় জাসদের রাজশাহী জেলা ও মহানগর, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলা কমিটি এবং এ সকল জেলা কমিটির অধীনস্থ উপজেলা, থানা, পৌরসভা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
