জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। যারা শেখ হাসিনা সরকারের বদলে রাজাকারদের দলকে ক্ষমতায় আনতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে রাজশাহী বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, ৫০ বছরের স্বাধীন বাংলাদেশ অনেক অগ্রগতি সাধন করলেও এখনো বেশ কয়েকটি ঝুঁকি ও বিপদের মধ্যে আছে। এখনো সাংবিধানিক ধারা বানচালের চক্রান্ত চলছে। রাজাকার-বিএনপি-জামায়াত চক্র অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত অব্যাহত রেখেছে। দেশবিরোধী ওই চক্রটি এখনো মীমাংসিত বিষয়টি অমীমাংসিত করতে চায়।
