সরকারের কাছে পর্যাপ্ত চালের মজুত আছে জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন দেশে এখনই দুর্ভিক্ষের কোনো আশঙ্কা নেই। সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে চালসহ কয়েকটি পণ্য সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে কৃষিমন্ত্রী একথা বলেন।
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, সাধারণত বছরের এই সময় দুর্ভিক্ষ দেখা দেয়। কিন্তু, আমরা তা কাটিয়ে উঠেছি। ২ মাস পর আমন ধান কাটা শুরু হবে। আমাদের কাছে ১৫ লাখ টন চাল মজুত রয়েছে, যা এই সময়ের জন্য যথেষ্ট।
মন্ত্রী বলেন, চাল আমদানি উন্মুক্ত করা হলেও আমদানি করছেন না ব্যবসায়ীরা। গম প্রায় পুরোপুরি আমদানি নির্ভর হলেও, সেক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, চালসহ অন্যান্য পণ্যের দাম আর তেমন বাড়বে না। ১ থেকে ২ টাকা এদিক-সেদিক হতে পারে। পণ্যমূল্য কিছুটা বেশি হলেও দেশে দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা নেই।
কৃষিখাতে অবদানের জন্য আজ ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ২০১৮ ও ২০১৯ দেওয়া হয়েছে।
