সিঁথিতে সিঁদুর। গলায় মঙ্গলসূত্র। লাল শাড়িতে বধূবেশে উর্বশী রাউতেলা। ছবি ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়। কিন্তু তার পরই মনে পড়ল, অভিনেত্রী তো এখন অস্ট্রেলিয়ায়। এ সব ছবি পোস্ট করার অর্থ কী? ফের জল্পনা। সূত্র কি লুকিয়ে আছে তার ছবির ক্যাপশনেই?
বধূবেশে ছবি দিয়ে উর্বশী লিখলেন, 'প্রেমিকার কাছে সিঁদুরের চেয়ে প্রিয় আর কিছু নেই। সংস্কার মেনে সব আচার-অনুষ্ঠান পার হয়ে তোমার সঙ্গেই থাকতে চাই প্রিয়।'
ব্যাপার কী? দুইয়ে-দুইয়ে চার করলেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা। এসবই চক্রান্ত। নির্ঘাত ক্রিকেট তারকা ঋষভ পান্তের মনোযোগ আকর্ষণের চেষ্টা!
ঋষভের পিছু ধাওয়া করেই তো সাতসমুদ্র পেরিয়ে অস্ট্রেলিয়া ছুটেছেন উর্বশী। দিন দুয়েক আগেই তাকে প্রাইভেট জেট থেকে নামতে দেখা গিয়েছে। দুদিন যেতে না যেতেই আসল খেলা শুরু। এত জায়গা থাকতে নায়িকার হঠাৎ সে দেশে যাওয়ার অর্থ ক্রমেই স্পষ্ট হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দল যে অস্ট্রেলিয়াতেই রয়েছে! যার মধ্যে রয়েছেন উর্বশীর 'ক্রাশ' ঋষভ পান্তও।
নিশ্চয়ই সে কারণেই অভিনেত্রীর মন চেয়েছে অস্ট্রেলিয়া যেতে- এমনই মত অনুরাগীদের। কিন্তু তাই বলে সিঁদুর পরা ছবিতে 'টোপ' দেওয়া? দেখা যাচ্ছে, উর্বশীর অভিধানে 'অসম্ভব' বলে কিছুই নেই।
২২ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের সঙ্গে প্রথম খেলা পাকিস্তানের। ততদিনই কি সেই দেশে পড়ে থাকবেন উর্বশী? না কি চোখের দেখা দেখেই আবার ফিরে আসবেন, জানা যায়নি। অনুরাগীদের আশা, তিনি নিজে মুখেই জানাবেন ঠিক। হাজার হোক, মনের কথা চেপে রাখতে পারেন না নায়িকা। সূত্র : হিন্দুস্তান টাইমস
