নয়ন হত্যায় বাবার অভিযোগ

আসামিরা ছাত্রলীগ করায় গ্রেপ্তার করছে না পুলিশ

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১২:২৩ এএম

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ মোড়ে নয়ন হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারসহ মামলার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

পরিবারের অভিযোগ, নয়ন হত্যা মামলার আসামিরা ছাত্রলীগ করায় পুলিশ তাদের গ্রেপ্তার করছে না এবং সঠিক তদন্তও হচ্ছে না। গতকাল মঙ্গলবার সকালে শহরের কলোনিপাড়ার একটি মাদ্রাসা ঘরে এ সংবাদ সম্মেলন হয়।

লিখিত বক্তব্যে নয়নের বাবা লিয়াকত আলী বলেন, ‘গেল ঈদুল আজহার দিন সন্ত্রাসীরা আরামবাগ মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে আমার ছেলেকে হত্যা করে। ছুরিকাঘাতে আহত অবস্থায় আমার ছেলের কাছ থেকে শোনা ৮ সন্ত্রাসীর নামে হত্যা মামলা দায়ের করলেও পুলিশ গ্রেপ্তার করেছে মাত্র ৪ জনকে। বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

আসামিরা ছাত্রলীগ তথা ক্ষমতাসীন দলের হওয়ায় মামলার সঠিক তদন্ত হচ্ছে না। হত্যা মামলার আসামিদের বাঁচানোর চেষ্টা করছে পুলিশ। আসামিদের উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। পুলিশকে বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আশিষ সরকার বলেন, ‘মামলার আইনি কার্যক্রম সঠিকভাবেই চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত