প্রায় আট বছর আগে লক্ষ্মীপুরের কমলনগরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় বিচারিক আদালতে চারজনকে দেওয়া মৃত্যুদন্ডাদেশ অনুমোদন করেনি হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) খারিজ এবং আপিল মঞ্জুর করে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কেএম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ তাদের খালাস দেয়।
রায়ে খালাসপ্রাপ্তরা হলেন একই উপজেলার বিভিন্ন গ্রামের ছানাউল্লাহ, মো. রহিম, মো. হারুন ও আবুল কাসেম।
মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ২২ ডিসেম্বর গভীর রাতে কমলনগরের একটি গ্রামে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করে। পরে মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্কের শুনানি নিয়ে ২০১৭ সালের ২৯ মার্চ এ চারজনকে মৃত্যুদন্ড এবং আনারউল্লাহ নামে একজনকে খালাস দেয় লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এরপর মৃত্যুদন্ড অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। এ ছাড়া কারাগারে থাকা আসামিরা সাজা থেকে খালাস চেয়ে আপিল করেন।
আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
