গণতন্ত্র মঞ্চের প্রতিক্রিয়া

গাইবান্ধার চিত্র আগের নির্বাচনের ধারাবাহিকতা

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০২:০৭ এএম

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধের প্রতিক্রিয়ায় সরকার বিরোধী ৭ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ বলেছে, এ উপনির্বাচন একাদশ সংসদ নির্বাচনের ধারাবাহিকতা মাত্র।

অন্যদিকে নির্বাচন কমিশনকে (ইসি) ‘অসহযোগিতা করে সরকার সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে’ বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে প্রমাণিত হলো বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

গতকাল বুধবার পৃথক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান গণতন্ত্র মঞ্চের নেতারা ও জেএসডি সভাপতি।

গণতন্ত্র মঞ্চের পক্ষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতারা বলেছেন, ‘গাইবান্ধা উপনির্বাচনে যে ভোট ডাকাতির ঘটনা তা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের আগের রাতে যে নজিরবিহীন ভোট ডাকাতি তারই ধারাবাহিকতা মাত্র। আওয়ামী লীগের ভোট ডাকাত বাহিনী ভোট কেন্দ্র দখল ও জোরপূর্বক ভোট কাটার মহড়ায় গাইবান্ধায় একটি আসনে নির্বাচনে যে চিত্র, তা আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনের বেলায়ও একই হবে এটা নিশ্চিত করে বলা যায়।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত