কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে বালুখালীর ৯ নম্বর আই-১ ব্লকে পাহারা দেওয়ার সময় হেড মাঝি (আশ্রয় শিবিরের নেতা) মোহাম্মদ হোসেনের (৩০) হামলার এই ঘটনা ঘটে।
গুরুতর আহত মোহাম্মদ হোসেন ওই আশ্রয় শিবিরের বাসিন্দা মোহাম্মদ মিয়ার ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এপিবিএন-৮-এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন জানান, আশ্রয় শিবিরে পাহারা দেওয়ার সময় রাত ৯টার দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত রোহিঙ্গা মাঝি মোহাম্মদ হোসেনকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শিবিরের আইওএম হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মোহাম্মদ হোসেনকে পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
