দিনাজপুরে পাথর বোঝাই ট্রাকচাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বুধবার রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ৩০ বছর বয়সী মামুন ও ৩২ বছর বয়সী জাহিদ হাসান।
নিহত মামুন সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে ও নিহত জাহিদ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সুন্দরৈ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তারা দুজন প্রাণ কোম্পানির কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা।
তিনি জানান, রাতে কলেজ মোড় এলাকা থেকে মোটরসাইকেল যোগে পাথর বোঝাই ট্রাক ওভারটেক করে টার্মিনালের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় অপর একটি ট্রাক সামনাসামনি আসলে দুটি ট্রাকের মাঝে মোটরসাইকেলের হ্যান্ডেল আটকে গিয়ে রাস্তায় ছিটকে পরেন। এতে চলন্ত ট্রাকের চাপায় পিষ্ট হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে গেছে। এ ব্যাপারে কোতোয়ালি থানার একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
