ইউক্রেনের হামলায় খেরসন থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০১:৩৪ পিএম

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খেরসন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। সরিয়ে তাদের রাশিয়ার মূল ভূখণ্ডে নেয়া হবে। ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতির মুখে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) অধিবাসীদের দ্রুত সরে আসার পরামর্শ দেয়া হয়। বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে অধিবাসীদের ওই অঞ্চল ত্যাগ করা উচিত।

গত ২৪ ফেব্রুয়ারি মস্কোর অভিযান শুরু হওয়ার পর প্রথম শহর হিসেবে খেরসন দখল করে রুশ বাহিনী। সম্প্রতি ইউক্রেনের যে চার অঞ্চল রাশিয়া নিজ ভূখণ্ডের সঙ্গে একীভূত করেছে, তার মধ্যে দক্ষিণাঞ্চলীয় খেরসন অন্যতম। তবে রাশিয়ার ফেডারেশনে সংযুক্তির পর এ অঞ্চল পুনর্দখলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন।

এ পরিস্থিতিতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এই এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। আল-জাজিরার প্রতিবেদনমতে, খেরসন অঞ্চলের রাশিয়া নিযুক্ত নেতা ভ্লাদিমির সালদো বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মূলত প্রতিদিন ইউক্রেনীয় বাহিনীর রকেট হামলা ও অগ্রাভিযানের কথা উল্লেখ করে এই নির্দেশনা দিয়েছেন তিনি।

এদিকে ইউক্রেন খেরসনকে তাদের নিজ এলাকা দাবি করে নিজ নাগরিকদের লক্ষ্য করে রকেট হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনীয় সেনারা সম্প্রতি রাশিয়ার দখল থেকে উত্তর-পশ্চিম খেরসনের কিছু এলাকা পুনরুদ্ধার করেছে। এই এলাকাটি আঞ্চলিক রাজধানী খেরসন শহরের কাছেই অবস্থিত।

বিবিসি জানায়, দক্ষিণ রাশিয়া ও ক্রিমিয়ার জন্য বিশেষ দায়িত্ব পালন করছেন রুশ উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন। খেরসন থেকে সাধারণ মানুষকে চলে যাওয়ার নির্দেশনা নিয়ে তিনি বলেন, ‘সরকার (খেরসন) অঞ্চলের বাসিন্দাদের দেশের অন্যান্য অঞ্চলে চলে যেতে সহায়তার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেককে বিনা মূল্যে বাসস্থান এবং প্রয়োজনীয় সবকিছু প্রদান করব।’

রোস্তভ অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, খেরসন থেকে বেসামরিক মানুষের প্রথম দলটি শুক্রবার (১৪ অক্টোবর) রাশিয়ার রোস্তভ অঞ্চলে পৌঁছাবে। খেরসন অঞ্চল থেকে যারা আমাদের কাছে আসতে চায় রোস্তভ অঞ্চল তাদের প্রত্যেককে গ্রহণ করবে ও জায়গা দেবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান মোকাবিলায় পশ্চিমা দেশগুলো বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দিয়েছে এবং এখনও তা অব্যাহত রয়েছে। তবে অন্যান্য অস্ত্রশস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমারস রকেট সিস্টেমকে বেশি ব্যবহার করছে ইউক্রেন। তারা রাশিয়ান-নিয়ন্ত্রিত প্রধান সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা করছে এবং দেনিপার নদীর পশ্চিম তীরে (ইউক্রেনে দেনিপ্রো নামে পরিচিত) রুশ বাহিনীর বেশির ভাগ অংশ পুনরুদ্ধারের হুমকি দিয়েছে।

খেরসন অঞ্চলের রাশিয়ান-নিযুক্ত নেতা ভ্লাদিমির সালদো বৃহস্পতিবার বলেন, দুই প্রধান শহর খেরসন এবং নোভা কাখোভকাসহ এ অঞ্চলের অনেক শহর এখন প্রতিদিনই ইউক্রেনীয় সেনাদের রকেট হামলার শিকার হচ্ছে। তিনি বলেন, এ ধরনের হামলা সমগ্র অঞ্চলের বাসিন্দাদের গুরুতর ক্ষতির কারণ হচ্ছে এবং বিশেষ করে ডিনিপার নদীর পশ্চিম তীরের বাসিন্দাদের বেশি ক্ষতি হচ্ছে। আর তাই এসব এলাকার মানুষকে রাশিয়া বা ক্রিমিয়ায় সরে যেতে আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত