শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এমন মানুষ চাই যে হবে মানবিক, সৃজনশীল, বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব। আর এমন মানুষ গড়ার জন্য বিতর্ক খুব জরুরি মাধ্যম।
তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চাই। যেসব প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা করা হয়, সেখানে আরও ভালো এবং যেখানে নেই সেখানে চর্চা শুরু করতে চাই। বাংলাদেশে দীর্ঘদিনের বিতর্ক চর্চার ঐতিহ্য রয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে তিন দিনব্যাপী ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আজকে এই উৎসবে সারাদেশে থেকে অনেক বিতার্কিক এসেছেন। এটি দেশ সেরা বিতর্কাকিদের সর্ববৃহৎ মিলনমেলা। যারা এই বিতর্কের মধ্য দিয়ে যুক্তির আলো ছড়াচ্ছেন, যারা নিজেদেরকে উন্নত মনের মানুষ হিসেবে তৈরি করছেন, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক বিতার্কিক ও অধ্যাপক ড. শামীম রেজা, ডা. আব্দুন নুর তুষার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, মেয়র জিল্লুর রহমান। সঞ্চালনায় ছিলেন ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবের চেয়ারম্যান সাব্বির আজম।
তিন দিনব্যাপী এই জাতীয় উৎসবে দেশের দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক বিতার্কিক অংশগ্রহন করেছে। শনিবার (১৫ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
