চলমান বিক্ষোভ পরিস্থিতির জন্য আবারও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান সরকার। গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি বলেছেন, সামরিকায়ন ও নিষেধাজ্ঞা দিয়ে ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন ও তাদের মিত্ররা অস্থিতিশীলতা সৃষ্টির ব্যর্থ নীতি অবলম্বন করছে। কঠোর হিজাববিধি লঙ্ঘনের অপরাধে পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী ইরানি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে প্রায় এক মাস ধরে বিক্ষোভ চলছে। দেশটিতে প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ-সহিংসতার ঘটনা এটি। তরুণী এমনকি স্কুলশিক্ষার্থীদেরও বিক্ষোভের সামনের সারিতে দেখা যাচ্ছে। অনেকে হিজাব পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গেও বিক্ষোভকারীদের সংঘর্ষ হচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশ মাশাকে আটক করেছিল। পুলিশ হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টা পর তিনি কোমায় চলে যান। ১৬ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাশার মৃত্যু হয়।
×
