ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ শুনানি হতে পারে আজ

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৭:২১ এএম

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের ওপর শুনানি আজ শুরু হতে পারে। এ মামলার শুনানি করতে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে আপিল বিভাগে আবেদন করার পর গত ২৮ আগস্ট শুনানির জন্য এ দিন ঠিক করেছিল সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

২০১৭ সালের ডিসেম্বরে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সেই থেকে সাড়ে চার বছরের বেশি সময় ধরে আলোচিত এ মামলাটি রিভিউ শুনানির অপেক্ষায় রয়েছে।

১৯৭২ সালে প্রণীত সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল জাতীয় সংসদের কাছে। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়। ১৯৭৭ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ন্যস্ত করা হয়। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে এ অপসারণ ক্ষমতা আবার জাতীয় সংসদে ন্যস্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত