আপাতত প্রেম, শিগগিরই আবার বিয়ে করছেন হানি সিং

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৬:৫৬ পিএম

প্রেম করছেন? সত্যি? ফের শিরোনামে 'ইয়ো ইয়ো' হানি সিং। কানাঘুষো শোনা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় গায়ক নাকি মডেল-অভিনেত্রী টিনা থারানির প্রেমে পড়েছেন। নিয়মিত ডেট করছেন দুজন। এদিক-সেদিক দেখা যাচ্ছে জুটিকে। সে নিয়েই জল্পনা তুঙ্গে বলিউডে। সদ্য বিবাহবিচ্ছেদ হলো, এর মধ্যেই নতুন খবর?

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি। যেখানে এক নারীর হাত ধরেছিলেন হানি। তার মুখ দেখা যাচ্ছিল না। হাতে হাত ধরা ছবিটি নিজেই পোস্ট করেন বলিউড-র‍্যাপার। তার পর ছড়িয়ে পড়ে। ব্রেসলেট দেখে ছবির নারীকে টিনা বলেই মনে করছেন অনুরাগীরা। সকলে নিশ্চিত, তারা সম্পর্কে আছেন।

ছবির ক্যাপশনেও কি ইঙ্গিত দেননি হানি? লেখা ছিল, 'আমাদের বিশ্ব, যেখানে শুধু তুমি আর আমি।' স্পষ্টতই, রোমান্টিক সেই ঘোষণায় নিজের নতুন প্রেমের কথাই বলতে চেয়েছিলেন গায়ক। তাতে কয়েকজন মন্তব্য করেছেন, 'নতুন বউদি এসে গিয়েছেন।' আবার কেউ লিখেছেন, 'বিয়েটা সেরে ফেলুন এবার।'

যদিও নিজমুখে নতুন সঙ্গিনীর পরিচয় এখনো ফাঁস করেননি হানি। টিনা একটি ছবিতে যে ব্রেসলেট পরেছিলেন, হানির প্রেয়সীর হাতেও সেই একই ব্রেসলেট দেখা গিয়েছে বলে জানা যায়। সে দিকেই দৃষ্টি আকর্ষণ করে দুয়ে দুয়ে চার করে নিয়েছেন অনুরাগীরা।

ওদিকে ৩৯ বছরের হানির সদ্য বিবাহবিচ্ছেদ হয়েছে। প্রাক্তন স্ত্রী শালিনী তালওয়ারকে ১ কোটি টাকা খোরপোশ দিয়েছেন গায়ক। তার পরই আবার জীবনে নতুন সুর? জানার অপেক্ষায় অনুরাগীরা। সূত্র : ইন্ডিয়া টুডে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত