খাতুনগঞ্জে শ্রমিক মাসুদ হত্যাকান্ডে ২ জন গ্রেপ্তার

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৩:০৫ এএম

চট্টগ্রামের খাতুনগঞ্জে শ্রমিক মাসুদ মাঝি হত্যাকা-ের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার কাশিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি বাকলিয়া থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলো মো. সোহাগ (২২) ও মো. সাইদুল হোসেন (২৩)। গতকাল শুক্রবার তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির। তিনি জানান, অন্য আসামি রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার সকালে খাতুনগঞ্জের চান মিয়া লেন এলাকায় পিকআপ ভ্যানচালক রাসেলের সঙ্গে শ্রমিক মাসুদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে ওইদিন সন্ধ্যায় রাসেল তার কয়েকজন সহযোগীকে নিয়ে মাসুদের ওপর হামলা চালায়। এ সময় মাসুদের বুকে ও পিঠে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় মাসুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার জের ধরে শ্রমিকরা মঙ্গল ও বুধবার দুদিন কর্মবিরতি পালন করলে খাতুনগঞ্জে অচলাবস্থার সৃষ্টি হয়। পরে পুলিশ ও ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় বুধবার সন্ধ্যার পর থেকে শ্রমিকরা কাজে যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত