বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বরিশাল বিভাগীয় সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বরিশালের নেতাকর্মীরা অন্য বিভাগের থেকে অনেক শক্তিশালী। কোন ষড়যন্ত্র এবং বাধা এদের আটকাতে পারবে না। ৫ নভেম্বরের সমাবেশকে ঘিরে বরিশালে নতুন ইতিহাস সৃষ্টি হবে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় নগরের একটি কমিউনিটি সেন্টারে গণসমাবেশের প্রস্তুতিমূলক এক সভায় তিনি একথা বলেন।
সেলিমা রহমান বলেন, নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। কিন্তু সেই প্রভাব যেন সমাবেশের ওপর না পড়ে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মহাসমাবেশে দলবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। সভায় সমাবেশকে গণসমাবেশে রূপ দিতে নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান।
জাতীয় র্নিবাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলনেতা হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এছাড়াও বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় গণসমাবেশ আয়োজন কমিটির সমন্বয়কারী বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চান, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহীদুল কবির জাহিদসহ বরিশাল বিভাগের সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
