ইউক্রেনের অধিকৃত খেরসন শহরের সকল বাসিন্দাকে দ্রুত অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে রুশ কর্তৃপক্ষ।
ইউক্রেনীয় সেনারা শহরটি পুনরুদ্ধার করতে পাল্টা আক্রমণ চালাতে অগ্রসর হওয়ায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণে শনিবার (২২ অক্টোবর) বেসামরিক নাগরিকদের খেরসন ত্যাগের এই নির্দেশ দেওয়া হয়েছে।
টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে খেরসনের রুশ কর্তৃপক্ষ বলেছে, আসন্ন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে শহরে ব্যাপক গোলাগুলির ক্রমবর্ধমান ঝুঁকি এবং সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে। যে কারণে সব বেসামরিক নাগরিককে অবিলম্বে শহর ছেড়ে দিনিপ্রোর বাম (পূর্ব) তীরে যাওয়া উচিত।
প্রায় ৮ মাস ধরে চলা ইউক্রেন যুদ্ধের প্রথম দিক থেকেই, খেরসন রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে যে চারটি অঞ্চল অধিগ্রহণ করার পর সামরিক আইন জারি করেছিলেন, খেরসন তার মধ্যে একটি।
বিবৃতিতে বলা হয়েছে, আপনার পরিবার ও বন্ধুদের নিরাপত্তার দেখভাল করুন! মূল্যবান নথি, টাকা, জিনিসপত্র এবং জামাকাপড় নিতে ভুলবেন না।
বিবৃতিতে রাশিয়ার নিয়োগকৃত প্রশাসনের সব বিভাগ এবং মন্ত্রণালয়ের কর্মীদেরও অবিলম্বে খেরসন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এতে খেরসনের জনগণকে দিনিপ্রোরে নৌকায় করে পাড়ি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
