সারা দেশের কোথাও কোথাও আজ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণও হতে পারে। ফলে সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এ ছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় সারা দেশে আবহাওয়ার পরিস্থিতি অবনতি হতে পারে।
আজ রবিবার (২৩ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুর ও সন্দ্বীপে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
সংস্থাটি বলছে, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ আকারে আজ সকাল ৯টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় খেপুপাড়ায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া পটুয়াখালী ও সন্দ্বীপে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
