বুথে সিসি ক্যামেরায় ভোটের গোপনীয়তা নষ্ট হয়নি: ইসি

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০১:১৯ পিএম

গাইবান্ধার উপনির্বাচনে অনিয়ম এড়াতে ভোটের গোপন বুথে সিসি ক্যামেরা বসিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে অনেকে বলছে ভোট কক্ষের গোপন বুথে সিসি ক্যামেরা বসিয়ে কে কাকে ভোট দিচ্ছে তা দেখা মানুষের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। ইসি বলেছে, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ভোটারের কোনো গোপনীয়তা নষ্ট হয়নি।

রোববার (২৩ অক্টোবর) কমিশনের জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশন নাগরিকদের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করেছে-এ ধরনের বক্তব্য মোটেও সঠিক নয় এবং বিভ্রান্তিকর।

প্রতিটি ভোটারের ভোটদানের গোপনীয়তা রক্ষায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয় ইসি। বিষয়টি খুবই স্পষ্ট যে ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপনে কোনক্রমেই ভোটদানের গোপনীয়তা নষ্ট হয় নাই।

তাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে এমন বিভ্রান্তিকর বক্তব্য না দিতে অনুরোধ জানিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। আইন অনুযায়ী যথাযথভাবে নির্বাচন পরিচালনায় সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বানও জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত