ময়মনসিংহের গৌরীপুরে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নয়ন মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
রোববার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে রুহুল আমীন জানান, তার ছোট ভাই এমদাদুলের সঙ্গে কয়েকদিন আগে মোবাইলে লুডু খেলা নিয়ে প্রতিপক্ষ ওয়াসিম মেম্বারের ভাইয়ের কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে মেম্বার ওয়াসিম উদ্দিন আকন্দের নেতৃত্বে ১৫/১৬ জন রামদা, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রা নিয়ে রোববার সন্ধ্যায় তাদের ওপড় অতর্কিত হামলা চালিয়ে তাদের বাড়িঘর, দোকানপাটের হামলা ও লুটপাট করে। এসময় প্রতিপক্ষের আঘাতে নয়ন মিয়াসহ ৬/৭ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়ন মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহতরা হলেন- মৃত ইয়াকুব আলীর ছেলে সবুজ মিয়া (৫৫), চাঁন মিয়া (৬২), আহত সবুজ মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার (৩৬) ও নিহতের ছেলে এমদাদুল হক (১৮)।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় কারো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীম আল নোমান জানান, হাসপাতালে আনার পূর্বেই নয়ন মিয়া মারা যান। আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
