হাজরাবাড়ী পৌরসভার প্রথম নির্বাচনে উৎসাহ-উদ্দীপনা

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০১:১৫ এএম

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ নভেম্বরের এ নির্বাচন ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পাশাপাশি সুষ্ঠু ভোট নিয়েও অনেকে শঙ্কা প্রকাশ করছেন। মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই পৌরসভার ৯টি ওয়ার্ডে উৎসবের আমেজ বিরাজ করছে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে আদ্রা ও ফুলকোচা ইউনিয়নের কিছু অংশ নিয়ে হাজরাবাড়ী পৌরসভা গঠন করা হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় ভোটার সংখ্যা ১৪ হাজার ৯১৮। বর্তমানে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সামছুজ্জামান সুরুজ। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু, স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হাসান হাজারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছাইফুল ইসলাম।

পৌর এলাকা ঘুরে দেখা গেছে, পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। মাইকিং করে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা। প্রার্থীরা পথসভা, উঠান বৈঠক ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। বিভিন্ন চায়ের দোকান, রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ ভোটার, সবার মাঝেই নির্বাচন নিয়ে আলোচনা চলছে। পৌরসভার প্রথম মেয়র কে হচ্ছেন এমন প্রশ্নই স্থান পাচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

স্থানীয় ভোটার মো. আবদুল মতিন বলেন, ‘হাজরাবাড়ী পৌরসভা হওয়ার পর এটি প্রথম নির্বাচন। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌরসভায় এখন পর্যন্ত তেমন উন্নয়ন হয়নি। আমরা এমন একজন মেয়র চাই, যিনি হাজরাবাড়ী পৌরসভার উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করবেন।’

শফিকুল ইসলাম নামে আরেক ভোটার বলেন, ‘আমরা সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচন চাই। আমাদের ওপর কেউ যেন প্রভাব দেখিয়ে ভোট না নিতে পারে। আমরা সাধারণ ভোটার আমাদের ইচ্ছামতো যেন ভোট দিতে পারি, এটাই আমাদের দাবি।’

কথা হলে কয়েকজন কাউন্সিলর প্রার্থী জানান, ভোটারদের ভোটের বিষয়টি নিশ্চিত করতে হবে। নিজের ভোট যেন নিজেই দিতে পারেন, ভোটকেন্দ্রে প্রভাব দেখিয়ে নিজ প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার ঘটনা যেন না ঘটে; অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তারা।

মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, ‘নির্বাচন কমিশনারের কাছে আমরা সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন হলে আমার জয় নিশ্চিত।’

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারবেন।’

হাজরাবাড়ী পৌর প্রশাসক ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা বলেন, ‘নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত