গির্জার নান এবং পাদ্রীরাও পর্ন দেখে: পোপ ফ্রান্সিস

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১২:৪৯ পিএম

খ্রিস্টানদের গির্জার নান বা সন্নাসীনি এবং পাদ্রী বা ধর্মযাজকরাও পর্ন ছবি দেখেন বলে অভিযোগ করেছেন পোপ ফ্রান্সিস। একইসঙ্গে অনলাইনে পর্নোগ্রাফি দেখার ঝুঁকি সম্পর্কে ধর্মযাজক ও নানদের সতর্কও করেছেন তিনি। পোপ বলেছেন, এটি (পর্নোগ্রাফি) ‘যাজকদের হৃদয়কে দুর্বল করে’।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী পোপ ভ্যাটিকানে এক অধিবেশনে কীভাবে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার করা উচিত সে সম্পর্কে একটি প্রশ্নের জবাব দেওয়ার সময় এই মন্তব্য করেন।

পোপ ফ্রান্সিস বলেন, পর্নোগ্রাফি ‘একটি পাপ যা অনেক লোকের মধ্যেই আছে... এমনকি ধর্মযাজক এবং নানদেরও।’ ধর্মযাজক ও সেমিনারিয়ানদের তিনি বলেন, ‘সেখান থেকেই মনে শয়তান প্রবেশ করে।’

কীভাবে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল দুনিয়ায় বিচরণ করা যায় সে সম্পর্কে পোপ বলেন, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার অপশনগুলো ব্যবহার করা উচিত তবে এতে বেশি সময় নষ্ট করা উচিত নয়।

পোপ ফ্রান্সিস বলেন, ‘যিশু প্রতিদিন পরিশুদ্ধ হৃদয়ের কথাই গ্রহণ করেন, ওই পর্নোগ্রাফির তথ্য নয়। পরিশুদ্ধ হৃদয় কখনও এই পর্নোগ্রাফি বা অশ্লীল তথ্য পেতে পারে না।’

ধর্মযাজক ও নানদের ওই গ্রুপটিকে পোপ পরামর্শ দেন, ‘আপনার ফোন থেকে এটি (পর্নোগ্রাফি) মুছে ফেলুন, যাতে আপনার হাতে সেগুলোর দেখার মতো প্রলোভন না থাকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত