রাবিতে পূর্ণাঙ্গ সিনেট কার্যকরসহ ১৬ দফা দাবি রাকসু আন্দোলন মঞ্চের

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০২:৫১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে সিনেট কার্যকর করা এবং রাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করাসহ ১৬ দফা দাবি জানিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে করে দাবি জানায় সংগঠনটি। পরে দাবি আদায়ে জনমত তৈরিতে লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর অভিযান পরিচালিত হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রয়োজনীয় আবাসিক হল নির্মাণ, বৈধ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে সিট বরাদ্দ এবং অনলাইনে তা হালনাগাদ করা। হলে রাজনৈতিক ব্লকের নামে দখলদারিত্ব নিষিদ্ধ করে ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান এবং পড়ালেখার পরিবেশ নিশ্চিত; হলের ডাইনিং এবং ক্যান্টিনে খাবারের পুষ্টিগুণ নিশ্চিত করা এবং ভর্তুকি দিয়ে হলেও খাবারের মূল্য কমানো দাবি করেন।

এছাড়াও নিহত ছাত্র কেজিএম শাহরিয়ারের ময়নাতদন্ত করে মৃত্যু রহস্য উদঘাটন করা; শাহরিয়ারের চিকিৎসায় অবহেলা এবং রামেকে রাবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তরসহ প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত