বাবা প্রযোজক। মা একসময় বলিউড শাসন করেছেন। ফিল্মি পরিবারের কন্যা হিসাবে তাই বলিউডে নাকি তার যাত্রাপথ অনেকটাই মসৃণ! জনমানসে এমন ধারণা নিয়ে এবার মুখ খুললেন বনি কাপুর ও শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর।
আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে জাহ্নবীর নতুন ছবি। নাম 'মিলি'। আপাতত নতুন ছবির প্রচারে ব্যস্ত বলিউডের নতুন প্রজন্মের অন্যতম উজ্জ্বল এই মুখ। তবে বাবা-মায়ের সুবাদে বি-টাউনে তার পথচলা অনেকটা সহজ হয়েছে বলে মনে করেন কেউ কেউ। এ নিয়ে সম্প্রতি সরব হন শ্রীদেবী-তনয়া।
জাহ্নবী বলেন, 'আমার সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা হলো, আমি নাকি বাড়তি সুবিধা পেয়েছি। কঠোর পরিশ্রম কী, তা নাকি আমি জানি না।' এর পর অভিনেত্রী বলেন, 'আমি হয়তো প্রতিভাবান নই, কিংবা সুন্দরীও নই। কিন্তু এটা জানি যে, ছবির সেটে সবচেয়ে পরিশ্রমী মানুষ আমি।'
২০১৮ সালে 'ধড়ক' সিনেমার হাত ধরে বলিপাড়ায় অভিনয়ে হাতেখড়ি হয়েছিল জাহ্নবীর। ছবি মুক্তির কয়েক মাস আগেই প্রয়াত হন শ্রীদেবী। প্রথম ছবিতে জাহ্নবীর অভিনয় নজর কাড়ে। ছবি সফলও হয়। এর মধ্যেই ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পরই স্বজনপোষণের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে যায় বলিউডে। তারকা-সন্তানরা বাড়তি সুবিধা পান- এই অভিযোগ দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে জাহ্নবী যে মন্তব্য করলেন, তা উল্লেখযোগ্য। সূত্র : হিন্দুস্তান টাইমস
