টাকা ফেরত চাওয়া প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০১:১১ এএম

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ১১ নম্বর সদস্য পদে পরাজিত হয়ে ভোটারদের দেওয়া টাকা ফেরত চাওয়া সেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। গত বৃহস্পতিবার জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি স্বাক্ষরিত এক চিঠি নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জেলা পরিষদ নির্বাচনের ১১ নম্বর ওয়ার্ডে (বাসাইল) সদস্য প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম তার পক্ষে ভোট নেওয়ার জন্য ভোটারদের অর্থ প্রদান করেন। তাকে ভোট না দেওয়ায় অর্থ ফেরত চাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়। এ বিষয়ে সরেজমিন তদন্ত করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তদন্ত করে জানান, মোহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচনে পরাজয়ের পরে আবেগবশবর্তী হয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নির্বাচনের আগে বিতরণ করা টাকা ফেরত চান। পরে তিনি সেই স্ট্যাটাস মুছে ফেলেন এবং ভুল হয়েছে বলে ক্ষমাপ্রার্থনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত