জয়পুরহাটে মাদ্রাসাতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু আনিকা নিহত হয়েছে। তার মা ও বোন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
রবিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার দূর্গাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিকা নওগাঁ বদলগাছী উপজেলার চাঁকলা গ্রামের শাহিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারের পাশে এলাকা বদলগাছী উপজেলার চাকলা গ্রাম থেকে মা ও বড় বোনের সঙ্গে শিশু আনিকা মাদ্রাসায় যাওয়ায় সময় পাহারপুর দিক থেকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। মা ও বোন গুরুতর আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।
জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি দোগাছী এলাকায় ফেলে দিয়ে চলে গেছে, আমরা উদ্ধার করেছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
