প্রায় ৫০ বছরে তারা বিবাহিত। যেন গোটা একটা জীবন একসঙ্গে রয়েছেন। বলিউডের পাওয়ার কাপল অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। এতদিনে নিজেদের বিয়ের সম্পর্কে এক গোপন তথ্য ফাঁস করলেন জয়া। জানালেন, বিয়ের সময় একটি বিশেষ শর্ত দিয়েছিলেন অমিতাভ।
'হোয়াট দ্য হেল নব্যা' নামের পডকাস্ট রয়েছে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলির। সেখানে 'মর্ডান লাভ : রোমান্স অ্যান্ড রিগ্রেটস' নিয়ে আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। যাতে নব্যার সঙ্গে যোগ দেন তার মা শ্বেতা বচ্চন নন্দা এবং নানি জয়া বচ্চন। নাতনির সঙ্গে কথোপকথনের সময়ই বিয়ের কথা জানান বর্ষীয়ান অভিনেত্রী।
১৯৭৩ সালের ৩ জুন অমিতাভ বচ্চনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জয়া। তার আগে একটিই শর্ত দিয়েছিলেন বিগ বি। হবু স্ত্রীকে জানিয়ে দিয়েছিলেন, ৯টা-৫টার কাজ করা বউ তার চাই না। জয়া প্রতিদিন কাজ করুন, এটাও তিনি চাননি। চেয়েছিলেন, ভালো মানুষদের সঙ্গেই জয়া ভালো কিছু কাজ করুন। প্রয়োজনে নয়, নিজের পছন্দ অনুযায়ী যেন বাছা কিছু সিনেমায় কাজ করেন অভিনেত্রী।
আগামী বছরের জুন মাসেই অমিতাভ-জয়ার বিয়ের ৫০ বছরের সেলিব্রেশন। তবে জুন মাসে নয় ১৯৭৩ সালের অক্টোবর মাসে বিয়ে করার পরিকল্পনা ছিল দুই তারকার। কারণ সেই সময় দুজনের কাজের চাপ কম থাকার কথা ছিল। তাহলে কেন জুনে বিয়ে করলেন? শোনা যায়, 'জঞ্জির' সিনেমার সাফল্যের পর একসঙ্গে বিদেশে বেড়াতে যেতে চেয়েছিলেন অমিতাভ ও জয়া। তবে বিগ বি মা ও বাবা এতে রাজি ছিলেন না। বিয়ে করেই তাদের বিদেশ যেতে হবে, এমন শর্তই দিয়েছিলেন তারা। সেই কারণেই জুন মাসের ৩ তারিখ বিয়ে সারেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। সূত্র : হিন্দুস্তান টাইমস
