বিএনপিকে মোকাবিলায় প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হবে যুবলীগ: পরশ

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৩:১৪ পিএম

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, অতীতের প্রতিটি আন্দোলনে শেখ হাসিনার পক্ষে মুখ্য ভূমিকা রেখেছে যুবলীগ। বিএনপির মোকাবিলায় এবার প্রয়োজন হলে যুদ্ধে অবতীর্ণ হব আমরা। যেখানে তাদের দেখবেন, সেখানে মোকাবিলা করবে যুবলীগ। ১০ ডিসেম্বর শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চান, আমরা রাজপথে থাকব।

সোমবার (৩১ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর যুবলীগ দক্ষিণের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ সফল করতে এ সভার আয়োজন করা হয়।

যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ তথ্য জানিয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, নেত্রী কেন এই যুব সমাবেশ  করতে বলেছেন, সেটি সময় হলে বুঝতে পারবেন। আমাদের রাজপথে শক্তি প্রদর্শন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশ নিতে হবে।

আন্দোলন করে সরকারকে উৎকাত করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াত-শিবির ছাড়া বিএনপি আন্দোলন করতে পারে না। এখন তাদের নিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তারা। তারা নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে। এবার সরকারের বিরুদ্ধে মাঠে নামলে গণধোলাই খাবে। আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমরা ভেসে আসিনি।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াতের মোকাবিলায় ১১ নভেম্বরের সমাবেশ। এটি জনসমুদ্রে পরিণত হবে, সেখানে খোলা ময়দানে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নির্দেশনা শুনতে সেদিন ঘর থেকে বেরিয়ে আসবেন ঢাকাবাসী। এটি হবে শান্তির সমাবেশ, উন্নয়নের সমাবেশ।

বিএনপি-জামায়াতকে যেখানেই দেখবেন, সেখানে মোকাবিলা করতে হবে মর্মে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়ার্ড পর্যন্ত সতর্ক থাকতে হবে যুবলীগকে। সেইসঙ্গে সমাবেশের প্রস্তুতি নিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবলীগের নেতারা। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ সভায় অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত