কানাডায় পালিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে দেশটির সরকারকে বিকল্প পথ খোঁজার অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তার দপ্তরে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ জানান।
মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, ‘কানাডার আইনে মৃত্যুদ-প্রাপ্ত আসামিকে ফেরত দেওয়া সম্ভব নয় বলে দেশটির হাইকমিশনার জানিয়েছেন। আমি তাদের অনুরোধ করেছি, বিকল্প পন্থা বের করা যায় কি না। তাকে বলেছি, একজন খুনিকে আশ্রয় দেওয়া মানবাধিকার লঙ্ঘন।’ তিনি আরও বলেন, ‘আমি হাইকমিশনারকে অনুরোধ করেছি, তাদের যেসব আইন ও বিধিবিধান আছে তা যদি পর্যবেক্ষণ করে দেখে, সে পন্থা খুঁজতে পারে। হাইকমিশনার বলেছেন, কানাডা সরকারকে বিষয়টি তিনি জানাবেন।’
